নেত্রকোনায় বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নেত্রকোনার দুর্গাপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) পৌর শহরের বালিকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগীর পরিবার জানায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে ওই কিশোরী ঘরের পাশে রাতের খাবারের পানি ফেলতে যায়। এ সময় আবুল কাশেম তাকে একা পেয়ে মুখ চেপে ধরে পাশের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরদিন ওই কিশোরী প্রতিবেশী এক নারীকে ঘটনাটি জানায়। পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত কাশেমের স্ত্রী ওই কিশোরীকে তার স্বামীর সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব দেন।
এ ঘটনায় মঙ্গলবার ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী কিশোরীর বাবা ঝালমুড়ি বিক্রি করেন এবং মা মানুষের বাসাবাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালান। স্থানীয় কয়েকজন প্রভাবশালীর মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু মঙ্গলবার সকালে সংবাদকর্মীরা এলাকায় গেলে কিশোরী তাদের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরে। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে দুর্গাপুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে লিখিত এজাহার নেওয়া হয়েছে এবং অভিযুক্ত আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।