কারণে-অকারণে সংসদ ওয়াক আউট না করতে বিরোধী দলকে আহ্বান স্পিকারের

কারণে-অকারণে সংসদ ওয়াক আউট না করতে বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
তিনি বলেন, সংসদ ওয়াক আউট বিরোধী দলের অধিকার, একটি রাজনৈতিক চর্চা। কিন্তু দীর্ঘ সময় বয়কট করলে সংসদ ক্ষতিগ্রস্ত হবে, জনগণ অধিকার হারাবে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বরিশাল সার্কিট হাউসে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্পিকার বলেন, স্বৈরশাসের বিরুদ্ধে যারা একসঙ্গে আন্দোলন করেছে, তারা যেন নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখে। না হলে বিদেশে যারা পালিয়ে আছে তারা ফিরে এসে দুঃশাসন কায়েম করবে।
তিনি বলেন, আমাদের জাতীয় জীবনের সবচেয়ে অন্ধকার সময় ছিল বিগত ১৬ বছর। নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ হয়েছে। সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না। গণতন্ত্র-মানবাধিকার তারা ঝেটিয়ে বিদায় করেছে। অবশেষে ছাত্রজনতার আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে।
হাফিজ উদ্দিন বলেন, আশা করব–আর কখনও গণতন্ত্র হারিয়ে যাবে না। কোনো দল গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর চেষ্টা করবে না। সাধারণ মানুষের অধিকার যেন সবসময় প্রতিষ্ঠিত থাকে, গণতন্ত্র যেন বিরাজমান থাকে। মানুষ যেন তাদের পছন্দের সরকার বেছে নিতে পারে, স্বৈরশাসন যেন ফিরে না আসে সেজন্য সকল দল ঐক্যমত থাকবে।
এ সময় বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।