logo

শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ

শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ
হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনিসহ একটি ল্যান্ডিং ক্রাফট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি : এশিয়া পোস্ট

নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। একই সঙ্গে চিনি পরিবহনে ব্যবহৃত একটি স্টিল বডির ল্যান্ডিং ক্রাফটও আটক করা হয়। জব্দ করা চিনির আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

কোস্টগার্ড জানায়, সোমবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর হাতিয়া উপজেলার টাংকি খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন হাতিয়া। অভিযানকালে একটি সন্দেহভাজন স্টিল বডির ল্যান্ডিং ক্রাফটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি পাওয়া যায়। পরে চিনি ও চোরাচালানে ব্যবহৃত ল্যান্ডিং ক্রাফটটি জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা চিনি ও ল্যান্ডিং ক্রাফটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশজুড়ে চোরাচালান রোধে কোস্টগার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।