logo

ঘটনাস্থলে সিআইডির টিম, চলছে আলামত সংগ্রহ

ঘটনাস্থলে সিআইডির টিম, চলছে আলামত সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহতের পর আলামত সংগ্রহের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডির টিম। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

বোমা তৈরির ‘কারিগরদের’ রাজনৈতিক পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, পরিদর্শন শেষে বোঝা যাচ্ছে—এখানে ককটেল তৈরির কাজ চলছিল। এই সময় এক বা একাধিক ককটেল বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই দুজন মারা যান। সিআইডি আলামত সংগ্রহের কাজ করছে। যারা মারা গেছেন, তারা আশপাশের এলাকার লোক বলেই ধারণা করছি। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে ককটেল বিস্ফোরণে দুজন নিহত হন। মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিক তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এ সময় আহত হন, সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামের বজলুর রহমান (২০) ও মিনহাজ (২২) এবং একই উপজেলার রানিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার শুভ (২০)।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের মুখপত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বোমা তৈরির ঘটনায় আহত হয়ে তিনজন রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।