নিজ বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকায় নিজ বাসা থেকে নূর নাহার বেগম (৭৫) নামে সাবেক এক আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) রাতে পূর্ব মাদারবাড়ির মাঝিরঘাট রোডের সরকারি পুকুরপাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নূর নাহার বেগম পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি মাঝিরঘাট রোডের নূর মোহাম্মদ মাস্টার লেনে ছোট ছেলের সঙ্গে বসবাস করতেন।
পুলিশ জানায়, নূর নাহারের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নূর নাহার দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি তার বড় ছেলেও ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। ঘটনার দিন সকালে তার ছোট ছেলে কর্মস্থলে যান এবং অন্তঃসত্ত্বা পুত্রবধূ বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ফলে ঘটনার সময় বাসায় একাই ছিলেন তিনি।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, সন্ধ্যায় বাসার পেছনের দরজা খোলা দেখতে পেয়ে ভাড়াটিয়ারা ভেতরে ঢোকেন। এ সময় শয়নকক্ষের বিছানায় নূর নাহারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।