মুন্সীগঞ্জে বজ্রপাতে দুই উপজেলায় তিনজনের মৃত্যু

মুন্সীগঞ্জের দুই উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী এলাকায় বাড়ির পাশে জমিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে গুরুতর আহত হন আজিজুল মৃধা (৬৫)। পরে স্বজনরা তাকে দ্রুত সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, টঙ্গীবাড়ি উপজেলায় পৃথক দুই ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়।
উপজেলার আড়িয়াল ইউনিয়নের ফজুসার গ্রামে জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন রিজান ঢালী (১৬)। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া দিঘিরপাড় ইউনিয়নের হায়ারপাড়া এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে গুরুতর আহত হন রাকিব (২২)। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরে আলম সিদ্দিকী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।