logo

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার যুবদল নেতা রবিউল হাসান সোহাগ। ছবি: এশিয়া পোস্ট

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগ নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি সদর উপজেলার রশিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার।

পুলিশ জানায়, মোটরসাইকেল চুরি চক্রের সদস্য ফারুক, রাজ্জাক ও সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে সদর উপজেলার রশিদপুরের পাকুল্লা এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বিক্রি করা একটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের দাবি, চক্রের সদস্যরা রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় সোহাগের সম্পৃক্ততার তথ্য দেন। চুরি করা মোটরসাইকেল বিক্রির দায়িত্বে ছিলেন সোহাগ। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোহাগ দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন এবং একটি সংঘবদ্ধ চক্র পরিচালনা করতেন। শনিবার রাতেই তার দেওয়া তথ্যের ভিত্তিতে রশিদপুর বাজার এলাকা থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার এশিয়া পোস্টকে বলেন, গ্রেপ্তার সোহাগকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মোটরসাইকেল চুরি বন্ধ করতে গোয়েন্দা পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে।