তেল পেতে পাম্পে শ্যালো মেশিন আনলেন ঠেলাগাড়িতে

কুড়িগ্রামে বেড়েই চলেছে জ্বালানি সংকট। ডিজেল সংকটে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে কৃষিতে। ঘাটের নৌকা, পরিবহনসহ সব ক্ষেত্রে ভোগান্তিতে পড়েছে মানুষ। এমনকি ঠেলাগাড়িতে শ্যালো মেশিন নিয়ে পাম্পে এসে ডিজেল সংগ্রহের চিত্রও দেখা গেছে কুড়িগ্রামে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে নাগেশ্বরী উপজেলার আলেপের তেপথির সততা ফিলিং স্টেশনে ঠেলাগাড়িতে করে আনা শ্যালো মেশিনে তেল সংগ্রহ করতে দেখা যায় এক কৃষককে।
এদিন সকালে জেলা সদরের পনির অ্যান্ড সন্স তেল পাম্পে পেট্রোল নিতে আসেন অন্তত তিন শতাধিক মোটরসাইকেল চালক। এর মধ্যে প্রায় অর্ধেক গাড়ি তেল পাওয়ার পর কর্তৃপক্ষ জানিয়ে দেয় পাম্প তেল শেষ। এ নিয়ে হট্টগোল শুরু হয়।
অভিযোগ উঠছে, পুলিশ ও প্রশাসনের তৎপতরা থাকলেও খোলা বাজারে অতিরিক্ত দামে মিলছে জ্বালানি। এজন্য পাম্প মালিকদের দুষছেন ক্রেতারা। এক শ্রেণির অসাধু তেল ব্যবসায়ী ছাড়াও মৌসুমী ব্যবসায়ী এ সংকট কাজে লাগিয়ে দেড় থেকে দুইগুণ দামে বিক্রি করছে ডিজেল, পেট্রোল ও অকটেন। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ট্যাগ অফিসার, পুলিশ প্রশাসনের উপস্থিতিতে তেল বিতরণ করা হচ্ছে।
সততা ফিলিং স্টেশনের পরিচালক আবু হানিফ বলেন, এক কৃষক ঠেলা গাড়িতে শ্যালো মেশিন নিয়ে এসেছিলেন। তিনি শ্যালো মেশিনে ৬ লিটারের মতো ডিজেল নিয়েছেন। আমাদের এখানে কৃষকদের গুরুত্ব দিয়ে ডিজেল দেওয়া হয়।