logo

বগুড়ায় একাধিক মামলার আসামি ল্যাংড়া বকুলকে কুপিয়ে হত্যা

বগুড়ায় একাধিক মামলার আসামি ল্যাংড়া বকুলকে কুপিয়ে হত্যা
বগুড়ায় একাধিক মামলার আসামি ল্যাংড়া বকুলকে কুপিয়ে হত্যার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : এশিয়া পোস্ট

বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে রাকিবুল হাসান বকুল ওরফে ল্যাংড়া বকুল (৩৮) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শ্বশুরবাড়িতে পারিবারিক কলহের জেরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহত রাকিবুল হাসান সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়া এলাকার মৃত গনি প্রামাণিকের ছেলে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রাকিবুল ঝোপগাড়ী এলাকায় তার শ্বশুরবাড়িতে যান। সেখানে পারিবারিক নানা বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি তার শ্বশুরকে মারধর করেন। এতে শ্বশুর গুরুতর আহত হন। শ্বশুরকে মারধরের ঘটনায় পরিবারের অন্য সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রাকিবুলের গলায় কোপ দেওয়া হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিবার ও স্থানীয় ব্যক্তিরা জানান, ১৭ বছরের বৈবাহিক জীবনে স্ত্রীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া-বিবাদ ও মারামারির ঘটনা ঘটত।

খবর পেয়ে বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ি ও ডিবির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এলাকাটি ঘিরে ফেলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি জব্দ করা হয়।

ঘটনার বিষয়ে বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন জানান, দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার তদন্ত চলছে এবং হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বগুড়া সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।