Advertisement

মেহেরপুর সীমান্তে পাল্টাপাল্টি আটক, পতাকা বৈঠকে সমাধান

এশিয়া পোস্ট নিউজ, মেহেরপুর
মেহেরপুর সীমান্তে পাল্টাপাল্টি আটক, পতাকা বৈঠকে সমাধান
ভারতীয় নাগরিক শচীন কর্মকার ও নারায়ণ দেব। ছবি : এশিয়া পোস্ট

মেহেরপুরের ইছাখালী সীমান্তের নোম্যান্সল্যান্ডে মরিচ ক্ষেতে কীটনাশক ছিটাতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আব্দুল মান্নান (৭০) নামে এক বাংলাদেশি কৃষক আটক হন। এর জের ধরে পাল্টা দুই ভারতীয় নাগরিককে আটক করেন স্থানীয় গ্রামবাসীরা। কয়েক ঘণ্টার চরম উত্তেজনার পর সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে আটক তিনজনকে নিজ নিজ দেশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে ইছাখালী সীমান্তের ১২৪/৪-এস ও ১২৩/৩-এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে সীমান্তের শূন্যরেখায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

আটক আব্দুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার মৃত নূর বক্সের ছেলে। পরিবারের দাবি, সকালে বাড়ির পাশের মরিচ ক্ষেতে কীটনাশক স্প্রে করতে গেলে ১২৪/৪-এস সীমান্ত পিলারের কাছ থেকে তাকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যান।

ইছাখালী বিজিবি ক্যাম্প সূত্র জানায়, আব্দুল মান্নান সীমান্তসংলগ্ন এলাকায় কাজ করার সময় বিএসএফের হাতে আটক হন। বিষয়টি জানাজানি হওয়ার পর তাকে ফেরত আনতে বিজিবির পক্ষ থেকে দ্রুত পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়।

এর কিছুক্ষণ পরই ১২৩/৩-এস সীমান্ত পিলার এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিক— শচীন কর্মকার ও নারায়ণ দেবকে আটক করেন বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে সোপর্দ করা হয়।

এ ঘটনার পর সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। উৎসুক স্থানীয়দের অনেকেই শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেন। পরিস্থিতি শান্ত রাখতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী দ্রুত পতাকা বৈঠকের আয়োজন করে।

দুপুর ২টার দিকে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ইছাখালী বিজিবি ক্যাম্পের সুবেদার আবু হানিফ। এতে ভারতের নবচন্দ্রপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরাও অংশ নেন।

বৈঠক শেষে বিএসএফের হাতে আটক বাংলাদেশি কৃষক আব্দুল মান্নানকে বিজিবির কাছে এবং স্থানীয়দের হাতে আটক দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বর্তমানে হস্তান্তরিত ব্যক্তিরা নিজ নিজ দেশে ফিরে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এশিয়া পোস্টকে বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে দুই দেশের আটক নাগরিকদের নিজ নিজ দেশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

বিষয় :