জমি নিয়ে বিরোধে হামলায় প্রাণ গেল গৃহবধূর

কুষ্টিয়ার কুমারখালীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগে নাসিমা খাতুন (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) ভোরে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাসিমা খাতুন বাটিকামারা এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, বসতবাড়ির জমি দখলকে কেন্দ্র করে মোমিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল নাসিমাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে নাসিমা ও তার পুত্রবধূর সঙ্গে হামলাকারীদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে নাসিমা আঘাত পেয়ে মাটিতে পড়ে যান।
পরে তার পুত্রবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তারা নাসিমাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা আলেয়া খাতুন বলেন, হামলার সময় তার মেয়ে নাসিমা বাধা দিতে এগিয়ে গেলে অভিযুক্ত আকরাম তাকে ধাক্কা দেন। এতে নাসিমা মাটিতে পড়ে যান। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে অভিযুক্ত আকরামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিঠু ও রিপন নামে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।
