সৌদিতে কারখানার মেশিনে কাটা পড়ে কুমিল্লার যুবকের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
সৌদিতে কারখানার মেশিনে কাটা পড়ে কুমিল্লার যুবকের মৃত্যু
মারা যাওয়া যুবক নাদিম হোসেন। ছবি: সংগৃহীত

সৌদি আরবের একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করার সময় মেশিনে কাটা পড়ে কুমিল্লার বুড়িচং উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের বুকারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত মো. নাদিম হোসেন কুমিল্লার বুড়িচং পৌরসভার যদুপুর গ্রামের বাসিন্দা ও সামাদ মিয়ার ছেলে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন। উন্নত জীবিকার আশায় মাত্র ১০ মাস আগে সৌদি আরবে পাড়ি জমান তিনি।

পরিবার জানায়, নাদিম একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় কর্মরত ছিলেন। ঘটনার দিন তিনি নিয়মিত কাজের অংশ হিসেবে একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ মেশিন পরিষ্কার করতে সেটির ভেতরে প্রবেশ করেন। এ সময় বাইরে থাকা কয়েকজন সহকর্মী অসাবধানতাবশত মেশিনটি চালু করে দিলে তিনি মেশিনের ভেতরে আটকা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের দাবি, এ ঘটনায় সৌদি পুলিশ কারখানার তিন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

নাদিমের বাবা সামাদ মিয়া বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমার সন্দেহ হচ্ছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচার এবং আমার ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চাই।

প্রতিবেশী কামাল জানান, পরিবারের আর্থিক দায়িত্ব পুরোপুরি নাদিমের ওপরই ছিল। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন বলেন, খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রবাসে মারা যাওয়া বাংলাদেশিদের মরদেহ সরকারি খরচে দেশে আনার সুযোগ রয়েছে। পরিবার আবেদন করলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

বিষয় :কুমিল্লা