ফেনীতে সফর/কুমিল্লা পার হচ্ছিলেন প্রধানমন্ত্রী, গাড়িবহর ঘিরে জনতার উল্লাস

ফেনী সফরে যাওয়ার পথে কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ঘিরে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে কুমিল্লা কোটবাড়ি এলাকায় গাড়ির ভেতের থেকে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় শেষে গাড়িবহর নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রী পার হওয়ার সময় দাউদকান্দি, চান্দিনা, ক্যান্টনমেন্ট, কোটবাড়ি, শুয়াগাজী, চৌদ্দগ্রামসহ বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন এবং স্থানীয় বাসিন্দারা মহাসড়কের দুপাশে অবস্থান নিয়ে উল্লাস প্রকাশ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
সড়কে দাঁড়িয়ে থাকা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম বলেন, প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সকাল থেকে হাজারও নেতাকর্মীসহ সাধারণ জনগণ অপেক্ষা করছিলেন। কারও সঙ্গে কৌশল বিনিময় না করলেও ওনাকে একনজর দেখাতেই শান্তি।
বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এদিন সকাল সাড়ে নয়টার পর দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর ফেনী সফরের বিষয়টি জানানো হয়। পোস্টে বলা হয়েছে, বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও একাধিক কর্মসূচিতে অংশ নিতে এক দিনের সফরে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরকালে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদারের গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। ফুলগাজীসহ তিনটি উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ আসন থেকে খালেদা জিয়া পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ফেনীতে নির্ধারিত কর্মসূচি শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।
