ভাড়া বাসার পাশে শিশুর গলাকাটা লাশ

নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর নরসিংহপুর এলাকায় মো. সৈকত নামে ৭ বছর বয়সী এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে তার ভাড়া বাসার পাশে একটি পরিত্যক্ত জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে রোববার দুপুর থেকে নিখোঁজ ছিল সে।
মো. সৈকতের গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী থানার বড় গোবিন্দপুর গ্রামে। পরিবারের সঙ্গে সে উত্তর নরসিংহপুর এলাকার ইবলাম মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।
সৈকতের বাবা আঞ্জু মিয়া বলেন, রোববার দুপুরের পর আমার কাছ থেকে টাকা নিয়ে দোকান থেকে চকলেট কেনার জন্য বাসা থেকে বের হয়। দীর্ঘ সময় পার হলেও সে ফিরে না আসায় আমরা সবাই উদ্বিগ্ন হয়ে পড়ি। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি।
তিনি বলেন, সৈকতকে মাদ্রাসায় ভর্তি করানোর প্রস্তুতি চলছিল। আমার ছেলেটা খুব শান্ত স্বভাবের ছিল। যারা আমার ছেলেকে খুন করেছে তাদের বিচার চাই।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।