১৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ১৩ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো. হাসান সিকদার (৩৭) ও মো. রাসেল সিকদার (৩০)। পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিলেন।
রোববার (১১ অক্টোবর) বরিশালে এসআরবি-৮ (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এসআরবি-৮ বরিশাল ও এসআরবি-৩ মগবাজার, ঢাকার যৌথ দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। হাসানকে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে এবং রাসেলকে হাতিরঝিল থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তর নলুয়া এলাকায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাকেরগঞ্জ থানার একটি হত্যা মামলায় আদালত তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ ছাড়া মামলার অন্য ধারায় তাদের পাঁচ বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ডের আদেশ রয়েছে।
এরপর সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের জন্য তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়। পরে গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকার যাত্রাবাড়ী ও হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।