logo

দুর্নীতির দায়ে ভূমি কর্মকর্তা বরখাস্ত, বাতিল আর্থিক সুবিধাও

দুর্নীতির দায়ে ভূমি কর্মকর্তা বরখাস্ত, বাতিল আর্থিক সুবিধাও

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. সাজ্জাতুল হককে দুর্নীতির অভিযোগে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে তিনি সরকারি কোনো আর্থিক সুবিধা বা বকেয়া প্রাপ্য পাবেন না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিষয়টি শুক্রবার জানাজানি হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, সাজ্জাতুল হক জামালপুর পৌর ভূমি অফিসে কর্মরত থাকাকালে স্বাক্ষর জাল, ভুয়া নামজারি, ডি.সি.আর-এর মাধ্যমে হোল্ডিং খোলা এবং সেবাগ্রহীতাদের কাছ থেকে প্রকাশ্যে ঘুষ গ্রহণসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন। ২০২৩ সালে বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনিকভাবে গুরুত্ব পায়। পরে জেলা প্রশাসক কার্যালয় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (০৪/২০২৪) দায়ের করে।

তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক চৌধুরী বিশ্বনাথ আনন্দকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। তদন্ত শেষে গত ৭ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দাখিল করা হয়। পরবর্তীতে চলতি বছরের ১২ জানুয়ারি বিভাগীয় কমিশনার বরাবর গুরুদণ্ড প্রদানের সুপারিশ পাঠানো হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভাগীয় কমিশনার মো. সাজ্জাতুল হককে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর প্রাসঙ্গিক ধারা অনুযায়ী চাকরি থেকে অপসারণের আদেশ দেন। আদেশে আরও বলা হয়, তিনি ভবিষ্যতে সরকারি কোনো আর্থিক সুবিধা বা বকেয়া প্রাপ্য পাবেন না।

এ বিষয়ে জানতে সাজ্জাতুল হকের মোবাইলে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে তার ফোন বন্ধ পাওয়া যায়।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, বিভাগীয় কমিশনারের অফিস থেকে বরখাস্তের আদেশ আমরা পেয়েছি। অফিস খোলার পর ওই কর্মকর্তার কাছ থেকে ফাইলপত্র বুঝে নিয়ে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।