logo

কাশবনের চরে অভিযান, কথিত ‘কফি শপ’ গুঁড়িয়ে দিল পুলিশ

কাশবনের চরে অভিযান, কথিত ‘কফি শপ’ গুঁড়িয়ে দিল পুলিশ
ভূরুঙ্গামারীর ইসলামপুর চরের কাশবনে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নির্মিত ঘর পুড়িয়ে গুঁড়িয়ে দিয়েছে পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা। ছবি : এশিয়া পোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুর্গম একটি চরে কাশবনের আড়ালে গড়ে ওঠা কথিত কফি শপ ও বিনোদনকেন্দ্রে অভিযান চালিয়েছে পুলিশ। সেখানে মাদক সেবন, জুয়া, অশ্লীল নৃত্য ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ ছিল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সামাদের ঘাটসংলগ্ন ইসলামপুর চরে এ অভিযান চালানো হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ইসলামপুর চরের বিস্তীর্ণ কাশবনের মধ্যে কয়েকজন যুবক কফি শপের নামে একটি বিনোদনকেন্দ্র পরিচালনা করে আসছিলেন। সেখানে নিয়মিত মাদক সেবন, জুয়া ও অশ্লীল নৃত্যের আয়োজন করা হতো বলে অভিযোগ রয়েছে। সন্ধ্যার পর দূর-দূরান্ত থেকে লোকজন সেখানে আসতেন। কাশবনের আড়ালে অনৈতিক কর্মকাণ্ডও চলত বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, দুর্গম এলাকা হওয়ায় সেখানে সহজে পুলিশের নজরদারি পৌঁছাত না। এ সুযোগে কিছু কিশোর-কিশোরীও সেখানে যাতায়াত করত। এতে স্থানীয় অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে পুলিশের সঙ্গে প্রায় অর্ধশত গ্রাম পুলিশ সদস্য অংশ নেন।

পুলিশের দলটি দুর্গম চর পেরিয়ে কাশবনের ভেতরে গিয়ে কথিত কফি শপ ও বিনোদনকেন্দ্রে অভিযান চালায়। পরে সেখানকার অবৈধ স্থাপনা ও আয়োজন গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানায় পুলিশ।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ভারতীয় সীমান্তসংলগ্ন ওই দুর্গম কাশবনে কফি খাওয়ার অজুহাতে যাতায়াতের কথা বলা হলেও সেখানে মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, বিনোদনের আড়ালে কেউ যদি মাদক সেবন বা কোনো ধরনের অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।