logo

মানুষ দেখলেই কামড়াচ্ছে পাগলা কুকুর, আতঙ্কে দুই ইউনিয়নের মানুষ

মানুষ দেখলেই কামড়াচ্ছে পাগলা কুকুর, আতঙ্কে দুই ইউনিয়নের মানুষ
সুন্দরগঞ্জে মানুষ দেখলেই কামড়াচ্ছে পাগলা কুকুর। ছবি: এশিয়া পোস্ট

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের আক্রমণে অন্তত ৩১ জন আহত হয়েছেন। উপজেলার বেলকা ও শান্তিরাম ইউনিয়নে একের পর এক পথচারীকে কামড়ে আহত করছে কুকুর। আক্রান্তদের মধ্যে শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন। এ ঘটনায় দুই ইউনিয়নের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার হঠাৎ করেই মানুষের ওপর আক্রমণ শুরু করে কুকুর। বিশেষ করে বেলকা বাজার ও আশপাশের এলাকায় কুকুরের আক্রমণে অন্তত ৩১ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কুকুরের আক্রমণের পর থেকে দুই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। কখন আবার কে আক্রান্ত হন, সেই আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত অভিভাবকরা। অনেকেই শিশুদের একা বাইরে যেতে দিচ্ছেন না। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়াও কমিয়ে দিয়েছেন অনেকে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কুকুরের কামড়ে আহত অন্তত ৩১ জন চিকিৎসা নিয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তিন সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহানা বিনতে ফারুক বলেন, কুকুরের কামড়ে আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিন সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছে।