logo

টাকাসহ আটক ঠাকুরগাঁও জামায়াতের আমির হাসপাতালে ভর্তি

টাকাসহ আটক ঠাকুরগাঁও জামায়াতের আমির হাসপাতালে ভর্তি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বেলাল উদ্দিনকে সৈয়দপুর বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার দবিরুল ইসলামের ছেলে। তিনি সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের সময় বেলাল উদ্দিন অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে, এদিন দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে বেলাল উদ্দিনকে আটক করে বিমানবন্দর থানা-পুলিশ। পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে ফ্লাইটে সৈয়দপুর আসা বেলাল উদ্দিনের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে নগদ টাকা উদ্ধার করা হয়।

জামায়াত নেতা বেলাল উদ্দিন দাবি করেন, জব্দ করা সব টাকা তার ব্যবসার। আটকের পর বেলাল উদ্দিন একটি ভিডিওতে বলেন, টাকার পরিমাণ ৫০ লাখের বেশি। এটি তার ব্যবসার টাকা। তিনি গার্মেন্টস ব্যবসা করেন।

এদিকে টাকা উদ্ধারের পরিমাণ নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। আটকের পর বেলাল উদ্দিন ভিডিওতে বলেছেন, টাকার পরিমাণ ৫০ লাখের বেশি। অন্যদিকে পুলিশের তথ্যে জানা গেছে, টাকার পরিমাণ ৪০ লাখ। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।