বগুড়ায় শিক্ষা অফিসের জানালা ভেঙে চুরি, গ্রেপ্তার দুই তরুণ

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বগুড়ায় শিক্ষা অফিসের জানালা ভেঙে চুরি, গ্রেপ্তার দুই তরুণ
গ্রেপ্তার নাসিফ ও রায়হান। ছবি : এশিয়া পোস্ট

বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে চুরি যাওয়া সব তথ্যপ্রযুক্তি সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে গ্রেপ্তার দুই আসামিকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, রোববার (১২ জুলাই) রাত ৮টার দিকে আদমদীঘি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলো নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের উলিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাসিফ (১৯) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার তালশন গ্রামের আবদুর রহমান বাবুর ছেলে রায়হান (১৯)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জানালার লোহার শিক ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর অফিস ওলটপালট করে ভেতরের কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও মনিটরসহ মূল্যবান সব ডিজিটাল সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বাদী হয়ে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুলিশ। একপর্যায়ে রোববার রাতে আদমদীঘি বাজার এলাকা থেকে নাসিফ ও রায়হানকে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানা পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার গোদারপাড়া বাজার এলাকার একটি বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া মারুফ নামের এক যুবকের ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকেই শিক্ষা অফিস থেকে চুরি যাওয়া সব তথ্যপ্রযুক্তি সরঞ্জাম অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, শিক্ষা কর্মকর্তার অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত তৎপরতা চালায়। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে চুরি যাওয়া সব মালামাল উদ্ধার এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চোর চক্রের সঙ্গে অন্য কারও যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিষয় :বগুড়া