ফ্যানের সুইচ দিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

টেবিল ফ্যান চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লামিয়া খানম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তর হিরণ গ্রামে এ ঘটনা ঘটে। লামিয়া ওই গ্রামের হুমায়ুন খানের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে নিজ বসতঘরে মাল্টিপ্লাগে সংযুক্ত টেবিল ফ্যানের সুইচ দিতে যান লামিয়া। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে যান তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার কুন্ড বলেন, হাসপাতালের জরুরি বিভাগ থেকে বিষয়টি থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে জানতে পারে, পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

