গণপিটুনিতে নিহত ‘পীর’ শামীমের দাফন সম্পন্ন

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহত ‘পীর’ শামীম ওরফে জাহাঙ্গীরের (৫৫) দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ প্রহরায় দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থানে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।
জানা গেছে, জানাজা পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক। জানাজায় তার ভক্ত-অনুসারীদের উপস্থিতি তেমন দেখা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, অল্প কয়েকজন উপস্থিত থাকলেও তারা এ বিষয়ে কথা বলতে চাননি।
এদিকে ঘটনার পর থেকে এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি এবং কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন রয়েছে। হামলায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।