logo

কুষ্টিয়ায় জমকালো আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা শুরু

কুষ্টিয়ায় জমকালো আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা শুরু
কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে কুষ্টিয়ায় শুরু হয়েছে কাবাডি খেলা। ছবি: পুলিশ সূত্রে পাওয়া

মাঠজুড়ে খেলোয়াড়দের তীব্র দাপট আর গ্যালারিজুড়ে দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস! গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলা কাবাডি আবারও প্রাণ ফিরে পেল কুষ্টিয়ায়। সামাজিক মেলবন্ধন ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে জেলায় প্রথমবারের মতো শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা ২০২৬’।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে চার দিনব্যাপী এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম। ‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে জেলা পুলিশ, কুষ্টিয়ার আয়োজনে ২২ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।

উদ্বোধনী দিনেই স্টেডিয়ামে বসেছিল ক্রীড়াপ্রেমী মানুষের মিলনমেলা। গ্রামবাংলার চেনা খেলা রূপ রূপান্তরের এই মুহূর্ত উপভোগ করতে বিভিন্ন বয়সের দর্শক গ্যালারিতে ভিড় জমান। খেলোয়াড়দের শারীরিক নৈপুণ্য ও হাড্ডাহাড্ডি লড়াই পুরো গ্যালারিকে মাতিয়ে রাখে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন থানার পুরুষ দলের পাশাপাশি নারী দলও অংশ নিচ্ছে। পুরুষ বিভাগে ৮টি এবং নারী বিভাগে ৩টি দল শক্তিমত্তা প্রদর্শনের সুযোগ পাচ্ছে।

পুরুষ দলগুলোকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। ‘এ’ গ্রুপে লড়ছে কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা ও ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর থানা টিম।

প্রথম দিনে ‘এ’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কুষ্টিয়া সদর ও কুমারখালী এবং খোকসা ও ইবি থানা। বুধবার (২৩ সেপ্টেম্বর) একই গ্রুপের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাঠে গড়াবে ‘বি’ গ্রুপের তিনটি ম্যাচ।

চার দিনের এই ক্রীড়াযজ্ঞের পর্দা নামবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর)। প্রথম রাউন্ডের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে। একই দিনে অনুষ্ঠিত হবে নারী বিভাগের চূড়ান্ত খেলাগুলোও।

খেলা দেখতে আসা দর্শনার্থীরা জানান, কাবাডির মতো দেশীয় খেলা মাঠে ফেরায় যুবসমাজ নতুন করে অনুপ্রাণিত হবে। পাশাপাশি এটি পুলিশ ও সাধারণ মানুষের মধ্যকার দূরত্ব কমিয়ে আনবে। খেলোয়াড়রাও আয়োজন নিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করে জানান, থানাভিত্তিক এ টুর্নামেন্ট তরুণদের ক্রীড়ামুখী করার পাশাপাশি সম্প্রীতির বন্ধন দৃঢ় করবে।

জেলা পুলিশ জানিয়েছে, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং পুলিশ-জনগণের আস্থা বৃদ্ধিই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ‘আইজিপি স্যারের দূরদর্শী নির্দেশনায় দেশের ৬৪টি জেলা ও মেট্রোপলিটন এলাকায় একযোগে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় কুষ্টিয়ায় পুরুষ ও নারী দল নিয়ে চমৎকার পরিবেশ তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আশা করছি ২৫ সেপ্টেম্বর টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটবে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খুলনা রেঞ্জের ডিআইজি স্যার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার প্রাথমিক সম্মতি জানিয়েছেন।’