logo
Advertisement

ওসির ‘চাকরি নিয়ে টান’ দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার

ওসির ‘চাকরি নিয়ে টান’ দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার
কুমিল্লার ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান ও মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাকসুদ আহাম্মদ। কোলাজ ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লা মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পরিচয় উল্লেখ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার হুমকিসরূপ ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় শুরু হয়েছে। পোস্টে তিনি থানার সামনে মিছিল করে ওসির চাকরি নিয়ে টান দেওয়ার হুমকি দেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে আব্দুল্লাহ আল নোমান নামে ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টটি শনিবার ছড়িয়ে পড়েছে। যেখানে ওসির নাম ও পরিচয় উল্লেখ করা হয়।

আব্দুল্লাহ আল নোমান মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক। খিলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

তিনি পোস্টে লেখেন, ‘অনতিবিলম্বে নিরীহ কর্মীদের হয়রানি বন্ধ করুন, না হয় আপনার থানার সামনে মিছিল করে আপনার চাকরি নিয়া টান দেওয়া হবে।’

ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট। কিছু অংশ ব্লার করে দেওয়া।
ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট। কিছু অংশ ব্লার করে দেওয়া।

এর আগে, গত ২৭ জুলাই একই ব্যক্তি ওসি মাকসুদ আহাম্মদকে উদ্দেশ্য করে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছিলেন। তবে ওই সময় এ বিষয়ে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা যায়।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ওসি মাকসুদ আহাম্মদ বলেন, পেশাগতভাবে কাজ করতে গেলে কতজন কত কথা বলবে। কেউ আইনের উর্ধ্বে নয়। এ মনোহরগঞ্জে আমি আসার পর কেউ বলতে পারবে না কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করেছি। যারা আইনের বাইরে যাবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।