কদমরসুল সেতুর দখল জমি উচ্ছেদের দাবিতে স্মারকলিপি

শীতলক্ষ্যা নদীর উভয় পাড়ের অধিবাসীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নির্মাণাধীন কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসককে স্মারকলিপি দিয়েছে নাগরিক অধিকার ফোরাম ও বন্দর উন্নয়ন ফোরাম।
সোমবার (৩১ আগস্ট) সকালে নগর ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কাছে এই স্মারকলিপি তুলে দেন স্থানীয় নাগরিক সংগঠনের নেতারা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, কদমরসুল সেতুর বন্দর ও শহর অংশের অধিকাংশ স্থানে পাইলিংয়ের কাজ চলমান থাকলেও রেলওয়ের অধিগ্রহণকৃত জমিতে অবৈধ দখলের কারণে বাকি পাইলিং সম্ভব হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে এসব অবৈধ দখলদারকে উচ্ছেদ করা না গেলে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ অসম্পূর্ণ রেখে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, যা দীর্ঘ প্রতীক্ষিত এই সেতুটির নির্মাণকাজ আবারও থমকে দেবে। এ সময় আগামী এক সপ্তাহের মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনার জোর দাবি জানানো হয়।
স্মারকলিপি গ্রহণ করে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান জানান, রেলওয়ের জমিতে থাকা অবৈধ দখল উচ্ছেদ করার দায়িত্ব তাদের হলেও জনস্বার্থে সিটি করপোরেশন উদ্যোগ নেবে। দ্রুতই প্রকল্প পরিচালকের সঙ্গে আলোচনা করে উচ্ছেদের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে, যাতে সেতুর বাকি পাইলিং কাজ নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয়।
স্মারকলিপি প্রদানকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান ইসমাইল, বন্দর উন্নয়ন ফোরামের আহ্বায়ক হাফেজ কবির আহমেদ, সদস্যসচিব লতিফ রানা, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শিপলু এবং সংবাদ উপস্থাপনকারী কাজী সাইদসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।



