গোপালগঞ্জে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় এক বীর মুক্তিযোদ্ধাসহ দুই পথচারী নিহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পঞ্চবট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বীর মুক্তিযোদ্ধা ওমর মীর (৭৫) ও জাহিদ মোল্লা (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন ওমর মীর ও জাহিদ মোল্লা। এ সময় অজ্ঞাতপরিচয় একটি বাস তাদের ধাক্কা দিলে দুজনেই গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই জাহিদ মোল্লার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা ওমর মীরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল কাজী দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


