কেরানীগঞ্জে শটগানের ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকা থেকে ২০ রাউন্ড ১২ বোর শটগানের তাজা কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় এসআরবি-১০।
এর আগে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিলমিল আবাসিক এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় কার্তুজগুলো উদ্ধার করা হয়।
এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ২০ রাউন্ড ১২ বোর শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে এসআরবি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে কার্যকর ভূমিকা রেখে চলেছে। অবৈধ অস্ত্রের মজুত, পরিবহন ও ব্যবহার রোধে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
