কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে অটোরিকশাচালক আল আমিন মিয়া (৩২) ও গাইবান্ধা শহরের পূর্বপাড়ার নারায়ণ চন্দ্রের ছেলে অটোরিকশার যাত্রী গৌতম চন্দ্র (৫৫)। তবে আহতদের পরিচয় যায়নি।
স্থানীয়রা জানায়, আজ দুপুরে দিকে সাদুল্লাপুর উপজেলা শহর থেকে একটি কাভার্ডভ্যান গাইবান্ধার শহরে দিকে যাচ্ছিল। মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছলে একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে অপর একটি অটোরিকশাকে কাভার্ডভ্যানটি চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় চার যাত্রী আহত হন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।