মরিচের গুঁড়া ছিটিয়ে পানের গুদামে হামলা, আহত ৭

বরগুনার পাথরঘাটায় জমি নিয়ে বিরোধের জেরে মরিচের গুঁড়া ছিটিয়ে একটি পানের গুদামে হামলা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে পাথরঘাটা বাজারের পূর্ব মাথায় মাংসের দোকান-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মিজানুর রহমান, মো. সোহাগ, মুছা, রকি, হাফিজা, তাছলিমা ও খাদিজা।
স্থানীয়রা জানান, কয়েকজন নারী গুদামে হামলা করেন। তারা ঘরের সামনের কিছু অংশ ভেঙে পুকুরে ফেলে দেন। এ সময় বাধা দিলে মরিচের গুঁড়া ছিটিয়ে সাতজনকে আহত করা হয়। আহতদের মধ্যে মিজান ও তার স্ত্রী হাফিজা বেগমকে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত মিজানুর রহমান জানান, নিজেদেরে কেনা এক শতাংশ জমির ওপর ঘর তুলে ৫২ বছর ধরে বসবাস করছেন। ঘরের সামনের অংশে পানের গুদাম হিসেবে ব্যবহার করেন। প্রতিবেশী মৃত হামেজ খানের সন্তানরা ঘরটি দখল করার চেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে।
হামেজ খানের মেয়ে তাছলিমা জানান, ওই জায়গা তাদের পৈত্রিক সম্পত্তি। জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। প্রশাসনের কাছে গিয়েও তারা কোনো প্রতিকার পাননি। জমি উদ্ধারের জন্য গেলে উল্টো তাদের ওপর হামলা চালানো হয়।
স্থানীয় সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সালাম জানান, বিষয়টি দীর্ঘ দিনের বিরোধ। হামেজ খান গ্রুপ একের পর এক অন্যের জমি দখল করে আসছে বলে অভিযোগ রয়েছে। একইভাবে মিজানের জমি দখলের চেষ্টা থেকেই আজকের ঘটনা। একাধিকবার সালিশি হলেও একপক্ষ তা না মানায় বারবার বিরোধের সৃষ্টি হচ্ছে।
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ জানান, ঘর দখলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষকে কাগজপত্রসহ থানায় আসতে বলা হয়েছে। থানায় বসে মীমাংসার চেষ্টা করা হবে।