নিখোঁজের ৯ দিন পর মাথাভাঙ্গা নদীতে মিলল মরদেহ

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে নিখোঁজের ৯ দিন পর মাইজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নদীর পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাইজ উদ্দিন ঢাকার লালবাগ থানার রসুলবাগ এলাকার শামসু উদ্দিনের ছেলে। তিনি রসুলবাগ এলাকার একটি জুতা তৈরির কারখানায় প্রায় আট থেকে নয় বছর ধরে কাজ করছিলেন। গত নয় দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার সকালে মাথাভাঙ্গা নদীর পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন তারা। পরে পুলিশকে খবর দেওয়া হলে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


