মিয়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫

চোরাচালান রোধে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৬৫০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের রামগতি থানাধীন চর আব্দুল্লাহ সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন রামগতি। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন।
আটক ব্যক্তিরা হলেন—নোয়াখালীর হাতিয়া উপজেলার কাজির ট্যাক এলাকার শাহদাত হোসেন (৪০), একই উপজেলার রেহানিয়া গ্রামের ফোরকান (৪৭), পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী গ্রামের হারুন অর রশিদ ওরফে বাবুল (৪২), ভোলার লালমোহন উপজেলার দলিগার নগর এলাকার আরিফ (২৫) এবং নোয়াখালীর চরজব্বার উপজেলার ভূইয়ার হাট এলাকার জামসেদ (৩২)।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চর আব্দুল্লাহ সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৬৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব সিমেন্টের মোট ওজন প্রায় ৩২ হাজার ৫০০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা। অভিযানে সিমেন্ট উদ্ধারের পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পাঁচ পাচারকারীকে আটক করে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের জলসীমায় চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

