Advertisement

আকিকার মাংস দেওয়ার প্রলোভনে নারীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা

এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
আকিকার মাংস দেওয়ার প্রলোভনে নারীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা
ছবি: এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের শ্রীনগরে আকিকার মাংস দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর স্বর্ণালংকার ছিনিয়ে নিতে চাইলে সম্রাট (২৭) নামে এক অটোরিকশাচালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

Advertisement

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কবুতরখোলা মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। আটক সম্রাট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার জসিলদিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের শিবচর উপজেলার চর জানাজা খাসের হাট এলাকার বাসিন্দা আমেনা (৬০) কাজের সন্ধানে শ্রীনগরের কবুতরখোলা মাদবরবাড়ি এলাকায় আসেন। তবে যে বাড়িতে তিনি কাজ করতে এসেছিলেন, সঠিক তথ্যের অভাবে সেটির মালিকের নাম বলতে পারছিলেন না। এই সুযোগে অটোরিকশাচালক সম্রাট তাকে কৌশলে আকিকার মাংস দেওয়ার কথা বলে একটি নির্জন স্থানে নিয়ে যান।

অভিযোগ রয়েছে, সেখানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে আমেনার সঙ্গে থাকা স্বর্ণের কানের দুল, রুপার চেন ও হাতের চুড়ি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সম্রাট। এ সময় ভুক্তভোগী নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে সম্রাটকে অটোরিকশাসহ হাতেনাতে আটক করেন। পরে শ্রীনগর থানা-পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

শ্রীনগর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম জানান, স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। আটক ব্যক্তির কাছ থেকে একটি রুপার চেন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।