গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, দগ্ধ একই পরিবারের ৫ জন

গাজীপুরের কাশিমপুরে স্কয়ার টেক্সটাইল মিল এলাকায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদারের বরাত দিয়ে তিনি জানান, দগ্ধ সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।
দগ্ধরা হলেন রিয়াজুল শেখ, আরিফা বেগম, ফারিয়া, রোজিনা ও শিশু রহিম। এদের মধ্যে রিয়াজুল শেখের শরীরের ৪০ শতাংশ, আরিফা বেগমের ৫ শতাংশ, ফারিয়ার ৮ শতাংশ, ১৮ বছর বয়সী রোজিনার ১ শতাংশের কম এবং ১ বছর বয়সী শিশু মো. রহিমের শরীরের ১ শতাংশের কম পুড়ে গেছে। দগ্ধদের মধ্যে রিয়াজুল শেখের অবস্থা আশঙ্কাজনক।
