অনুষ্ঠানে ফুল কেনার টাকায় জায়নামাজ ও গীতা দিলেন মন্ত্রী

দিনাজপুরে একটি চেক বিতরণ অনুষ্ঠানে ফুল কেনার টাকা দিয়ে জায়নামাজ ও গীতা বিতরণ করলেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে বেসরকারি এতিম খানা ও আশ্রমে ক্যাপিটেশন গ্র্যান্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি ফুল না নিয়ে জায়নামাজ ও গীতা বিতরণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালক ঘোষণা দেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত মন্ত্রী ফুল গ্রহণ করবেন না। ফুল কেনার জন্য যে অর্থ ব্যয় হতো, তা দিয়ে তার নির্দেশনায় জায়নামাজ ও গীতা সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে মন্ত্রী মঞ্চে এসে বক্তব্য দেওয়ার আগে প্রচলিত রীতির পরিবর্তে উপস্থিতদের হাতে এই ধর্মীয় সামগ্রী তুলে দেন। এ সময় তিনি ২৭ জনকে জায়নামাজ এবং ৬ জনকে গীতা প্রদান করেন। এ সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত আমন্ত্রিত অতিথি ও উপস্থিত সুধিজন করতালি দিয়ে মন্ত্রীর প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, পুলিশ সুপার জেদান আল মুসা, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোছা. নিলুফা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিভিল সার্জন মো. আসিফ ফেরদৌস।