logo

সিরাজগঞ্জে বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জে বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
নিহত আকরাম সরকার। ছবি: এশিয়া পোস্ট

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার (২২) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকরাম সরকার ওই গ্রামের উত্তরপাড়া মহল্লার রহিম সরকারের ছেলে।

এ ঘটনায় মারুফ বিন হাবিব (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মারুফ একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে মারুফ বিন হাবিব আকরামকে তার বাড়িতে ডেকে নেন। এ সময় ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে আকরামকে কুপিয়ে হত্যা করেন তিনি। পরে মরদেহটি বাড়ির আঙিনায় ফেলে রাখেন। ঘটনার এক থেকে দুই ঘণ্টা পর প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং মারুফ বিন হাবিবকে আটক করে থানায় নিয়ে যায়।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবিদুল রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় মারুফ বিন হাবিব নামে একজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। সেই সঙ্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও জানা যায়নি।