logo

‘ছেলে-পুত্রবধূ নির্যাতন করে রাস্তায় ফেলে গেছে’

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, মাদারীপুর
‘ছেলে-পুত্রবধূ নির্যাতন করে রাস্তায় ফেলে গেছে’
রাস্তা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ। ছবি : এশিয়া পোস্ট

মাদারীপুরে রাস্তার পাশে ফেলে যাওয়া এক বৃদ্ধকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দা ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। তবে এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি।

সোমবার (২৯ জুন) রাতে মাদারীপুর পৌরসভার একটি সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকার আল জাবির উচ্চবিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয় যুবক, সংবাদকর্মী ও মাদারীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গত কয়েক দিন ধরে বৃদ্ধটি ওই স্থানে পড়ে ছিলেন। শারীরিকভাবে অত্যন্ত দুর্বল এবং মানসিকভাবে বিপর্যস্ত এই মানুষটির অবস্থা দেখে স্থানীয়রা তাকে খাবার ও পানি দেন।

অসংলগ্ন কথাবার্তা বলায় ওই বৃদ্ধের নাম-পরিচয় বা বিস্তারিত ঠিকানা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বৃদ্ধের দাবি, তার ছেলে ও ছেলের স্ত্রী তার সঙ্গে খারাপ আচরণ করতেন এবং নির্যাতন চালাতেন। একপর্যায়ে তারাই তাকে এই স্থানে ফেলে রেখে চলে যান। নিজের পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি একেক সময় একেক তথ্য দিচ্ছেন।

পথচারী আজিজুল ইসলাম বলেন, বৃদ্ধ ব্যক্তি সম্ভবত স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন বা মানসিক বিভ্রান্তিতে ভুগছেন। এ কারণে তার প্রকৃত পরিচয় খুঁজে বের করা কঠিন হচ্ছে।

এলাকার মুদিদোকানি শহীদুল ইসলাম জানান, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বৃদ্ধের ছবি ও ভিডিও শেয়ার করে স্বজনদের খোঁজ করার চেষ্টা করেছেন, তবে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।

মাদারীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তবে তিনি নিজের পরিচয় সম্পর্কে কোনো কার্যকর তথ্য দিতে পারেননি।

সমাজসেবক আসাদুজ্জামান সাইফ বলেন, আমরা প্রশাসন ও সমাজসেবামূলক সংগঠনের প্রতি আহ্বান জানাই, দ্রুত এই বৃদ্ধের পরিচয় শনাক্ত করে তার পরিবারকে খুঁজে বের করা হোক। জীবনের শেষ সময়ে কোনো মানুষ যেন এভাবে পরিত্যক্ত না থাকেন।

এ বিষয়ে মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. অখিল সরকার বলেন, স্বেচ্ছাসেবক ও সাংবাদিকদের সহায়তায় অজ্ঞাত এক বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।