বগুড়ার আজিজুল হক কলেজের উন্নয়নে ৬০০ কোটি টাকার মহাপরিকল্পনা

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজকে আধুনিক ও নান্দনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রায় ৬০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
রোববার (১১ অক্টোবর) সকালে কলেজে একটি ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
রেজাউল করিম বাদশা বলেন, সরকারি আজিজুল হক কলেজ তার গর্বের জায়গা। তিনি নিজেও এ কলেজের শিক্ষার্থী ছিলেন। এখানে ক্লাস করেছেন, বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছেন। এ কারণে কলেজটির প্রতি তার গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এ কলেজের স্মৃতি রয়েছে। কলেজটিকে আধুনিক ও নান্দনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন তিনি।
উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে সংসদ সদস্য বলেন, আগে কলেজটির উন্নয়নে সাড়ে ৩৫০ কোটি টাকার পরিকল্পনা করা হয়েছিল। পরে নতুন সংযোজন ও আধুনিকায়নের প্রয়োজন বিবেচনায় পরিকল্পনাটি সংশোধন করে প্রায় ৬০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিয়ে রেজাউল করিম বাদশা বলেন, শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য বিনা সুদে ও বিনা জামানতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা রাখা হয়েছে।
বগুড়ার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, জেলায় একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় অনুমোদিত হয়েছে। সেখানে সাধারণ শিক্ষার পাশাপাশি চিকিৎসা, বিজ্ঞান ও কৃষিবিষয়ক পড়াশোনার সুযোগ থাকবে। এ ছাড়া আন্তর্জাতিক বিমানবন্দর, আন্তর্জাতিক মানের বিজনেস জোন, শিল্প পার্ক ও সিটি করপোরেশন বাস্তবায়নের মাধ্যমে বগুড়াকে অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
কলেজের ফলাফলের প্রশংসা করে সংসদ সদস্য বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ফলাফলের দিক থেকে সরকারি আজিজুল হক কলেজ তৃতীয় স্থান অর্জন করেছে। আগামী দিনে কলেজটি প্রথম স্থান অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক শামসুল আলম পাশা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী মো. সবুজ মিয়া এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব ও সদস্যসচিব রাকিবুল আল-আমিনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
