খালে গোসলে নেমে এক গ্রামের চার শিশুর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় খালে গোসলে নেমে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা সবাই স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী এবং একই গ্রামের বাসিন্দা।
নিহতরা হলো—বড়কান্দা গ্রামের মো. শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), মো. রুবেলের মেয়ে জান্নাত (৮) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা চারজনই স্থানীয় গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তারা মাদ্রাসায় গিয়েছিল। দুপুরে মাদ্রাসার বিরতির (টিফিন) সময় ছয়জন শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে গভীর পানিতে চার শিশু তলিয়ে যায়। এ সময় বাকি দুজন কোনোমতে পাড়ে উঠে স্থানীয়দের বিষয়টি জানায়। পরে দ্রুত খালে নেমে একে একে চার শিশুকে উদ্ধার করা হয়। এর মধ্যে এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। বাকি তিন শিশুকে আশঙ্কাজনক অবস্থায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আশরাফুর রহমান জানান, দুপুর একটার দিকে তিন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খালে গোসল করতে নেমে চার শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে। তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
.png)





