logo

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

লালমনিরহাটের কালীগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মমিনুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটক মমিনুল ইসলাম ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশের একটি মাঠে খেলাধুলা করছিল পাঁচ বছরের ওই শিশুটি। এ সময় মমিনুল মোবাইলফোনে ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার শুরু করে। 

শিশুটির চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এলে মমিনুল পালানোর চেষ্টা করেন। পরে শিশুটির দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয়রা ধাওয়া করে মমিনুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ভুক্তভোগী শিশুটিকে রক্তক্ষরণ অবস্থায় উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শিশুটির পরিবার জানিয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশুটি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ওসমান গনি বলেন, অভিযুক্ত যুবক বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। ভুক্তভোগী পরিবার বর্তমানে শিশুটির চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনও থানায় মামলা দায়ের করেনি। তবে তারা মামলা করবে বলে আমাদের নিশ্চিত করেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।