Advertisement

মোহনগঞ্জে সরকারি বিদ্যালয়ে ভর্তিতে জালিয়াতি তদন্তে কমিটি গঠন

এশিয়া পোস্ট নিউজ, নেত্রকোনা
মোহনগঞ্জে সরকারি বিদ্যালয়ে ভর্তিতে জালিয়াতি তদন্তে কমিটি গঠন
মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: এশিয়া পোস্ট

নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি জালিয়াতির ঘটনায় তিন সদস্য বিশিষ্ট্য তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।

Advertisement

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওই বিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি আমেনা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৭ জুলাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদেরকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট্য এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য দুই সদস্য হলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিক রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর। আগামী সাত কার্য দিবসের মধ্যে কমিটিকে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে সহোদর কোটায় দুই শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। তাদের একজন বাবা-মায়ের একমাত্র সন্তান। অপরজনের কোনো ভাই-বোন এই বিদ্যালয়ে অধ্যয়নরত নেই।

অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ওই দুই শিক্ষার্থীর অভিভাবককে সহোদর অধ্যয়নের ভুয়া প্রত্যয়ন দিয়েছেন। অভিভাবকরা ওই প্রত্যয়ন ইস্যু করে উচ্চ আদালতে গিয়ে রিট করেন। আদালত তাদের সহোদর কোটায় ভর্তির নির্দেশনা দেন। প্রধান শিক্ষকের এমন ভুয়া প্রত্যয়ন নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তদন্তের উদ্যোগ নেয় প্রশাসন।

কমিটির আহ্বায়ক সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, দ্রুত তদন্ত শেষ করে যথা সময়ে প্রতিবেদন দেওয়া হবে।

ইউএনও আমেনা খাতুন বলেন, সহকারী কমিশনার ছুটিতে থাকায় তদন্ত কাজ শুরু করতে দেরি হচ্ছে। ছুটি শেষ হয়েছে, এখন কাজ শুরু করবে। সহোদর কোটাসহ ভর্তি সংক্রান্ত সবগুলো বিষয় তদন্ত করা হবে। পরে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।