কুষ্টিয়ায় লিফটের ফাঁকে পড়ে প্রাণ গেল যুবকের

কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়ে নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিফটের ফাঁকে পড়ে রাতুল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশিক মাহমুদ (২৬) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে কাটাইখানা মোড়ের রাজুর কবরের সামনে হোম শো বিল্ডার্স কোম্পানির নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল হরিশংকরপুর গ্রামের মো. আরিফুলের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করছিলেন রাতুল। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভারসাম্য হারিয়ে লিফটের ফাঁক দিয়ে নিচে পড়ে যান তিনি। একই সময়ে আশিক মাহমুদও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই রাতুলের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী জীবন বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে আমরা ছুটে যাই। গিয়ে দেখি একজন লিফটের ফাঁক দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন। আরেকজনও আহত অবস্থায় ছিলেন। পরে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে রাতুল হাসপাতালে আসার আগেই মারা যান। অপর আহত আশিক মাহমুদের অবস্থা শঙ্কামুক্ত।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নির্মাণ শ্রমিক জানান, দুর্ঘটনার পর নিহত রাতুলের পরিবার ও নির্মাণকারী প্রতিষ্ঠান হোম শো বিল্ডার্স কোম্পানির মালিকপক্ষের মধ্যে এক প্রভাবশালী নেতার মাধ্যমে বিষয়টি নিয়ে সমঝোতা হয়েছে। তবে কী ধরনের সমঝোতা হয়েছে বা এর আর্থিক দিক কী, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে হোম শো বিল্ডার্স কোম্পানির কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শনিবার লাশের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


