logo
Advertisement

কুড়িগ্রামে সার নিয়ে হট্টগোল, ডিলারের গুদামে ভাঙচুর

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,কুড়িগ্রাম
কুড়িগ্রামে সার নিয়ে হট্টগোল, ডিলারের গুদামে ভাঙচুর
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলারের গুদামের সামনে কৃষকদের হট্টগোল। ছবি : এশিয়া পোস্ট

কুড়িগ্রামে সার না পেয়ে আবারও উত্তেজনা ছড়িয়েছে। জেলার নাগেশ্বরীতে সার ডিলারের গুদামের সামনে জড়ো হয়ে হট্টগোলের সময় টিনের বেড়া ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। একই সময়ে ভূরুঙ্গামারীতে সার না পেয়ে সড়ক অবরোধ করেছেন স্থানীয় লোকজন।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারের কাশেম ট্রেডার্স নামের সার ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকরা জানান, সকাল ৮টা থেকে সার কেনার জন্য দেড় থেকে দুই শতাধিক মানুষ ডিলার পয়েন্টের সামনে জড়ো হন। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পরও ডিলারের লোকজন সেখানে না আসায় সকাল ৯টার দিকে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তারা হট্টগোল ও ধাক্কাধাক্কি শুরু করেন। এ সময় কেউ কেউ দোকানের টিনের বেড়া ভাঙচুর করেন বলে স্থানীয় কৃষকরা জানান।

তারা আরও বলেন, গুদামে সার থাকার পরও ডিলারের লোকজন না আসায় ক্ষোভের সৃষ্টি হয়। তবে হট্টগোলের সময় কেউ গুদাম থেকে সার নিয়ে যাননি। খবর পেয়ে কচাকাটা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনিবাজারেও সার না পেয়ে সড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস বলেন, দোকানঘরে ভাঙচুর হয়নি। তবে দেড় থেকে দুই শতাধিক মানুষ সেখানে ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কি করেন। এতে দোকানের বেড়ার টিন ভেঙে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।