কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব

এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম
কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব
আগুন লাগানোর পর ধোয়া উঠছে। ছবি: এশিয়া পোস্ট

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিজ বসতঘরে আগুন লাগিয়েছেন এক যুবক। এ সময় দেশীয় অস্ত্র হাতে তার তাণ্ডবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার বলদিটারি গ্রামে ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, শামীম নামে ওই যুবক নিজে তার বসতঘরে আগুন ধরিয়ে দেন। আগুন লাগানোর পর তিনি দেশীয় অস্ত্র হাতে ঘরের সামনে অবস্থান নেন। তাকে আটকানোর চেষ্টা করলে আশপাশের লোকজনকে প্রাণনাশের হুমকি দেন।

এতে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয় এবং কেউ আগুন নেভাতে এগিয়ে যেতে পারেননি। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের প্রায় সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, মাদকাসক্ত এক যুবক নিজ বাড়িতে আগুন লাগিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।