ডোবায় পড়ে প্রাণ গেল ৩ বছরের মাসুমের

পটুয়াখালীর গলাচিপায় বাড়ির পাশের ডোবায় পড়ে মাসুম বিল্লাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোট কাজল গ্রামের জোমাদ্দার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মাসুম বিল্লাহ ওই গ্রামের মো. শাকিল খন্দকার ও রিনা বেগম দম্পতির একমাত্র সন্তান। তার বাবা-মা জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করায় শিশুটি গ্রামে দাদা-দাদির কাছে থাকত।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, সকালে ঘুম থেকে ওঠার পর দাদি শিশুটিকে খাবার খাওয়ান। খাওয়ার পর সে বাড়ির আশপাশে খেলতে বের হয়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় পড়ে যাওয়ার সন্দেহ হলে পরিবারের লোকজন পানিতে নেমে তল্লাশি চালান। সেখান থেকে মাসুমকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর খবর পেয়ে গলাচিপা থানার সেকেন্ড অফিসার মো. রানা হাসপাতালে যান এবং বিষয়টি খতিয়ে দেখেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনাটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
.png)


