কুষ্টিয়ায় ডিসি পার্কের পুকুরে ডুবে প্রাণ গেল কলেজছাত্রের

কুষ্টিয়া শহরের ডিসি পার্কের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে কাওসার (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (২৫ জুলাই) দুপুরে নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কাওসার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে কুষ্টিয়া শহরের উদিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কাওসার ও তার বন্ধুরা মিলে ডিসি পার্কের পুকুরে গোসল করতে নামেন। সাঁতার কেটে পুকুরের মাঝখানে পৌঁছানোর পর হঠাৎ তলিয়ে যেতে থাকেন তিনি। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। প্রায় দেড় ঘণ্টার টানা চেষ্টার পর পুকুর থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের উদ্ধারকারী দল অভিযানে নামে। তবে শেষ পর্যন্ত তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
মরদেহ উদ্ধারের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই কাওসারের মৃত্যু হয়েছে।
.png)





