বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৩

মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে বিএনপি প্রার্থীর সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার শিলই ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—ইকবাল হোসেন (৩২), জয় ব্যাপারি (৩৮) ও জুয়েল শেখ (৪০)।
আহত জয় ব্যাপারি জানান, বিএনপির সমর্থকরা একটি মিছিল নিয়ে পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এলে আমরা তাদের মিছিল করতে নিষেধ করি। কারণ, নির্বাচনের প্রচারণার সময় শেষ হয়েছে। এতে তারা ক্ষিপ্ত হয়ে লোহার রড, লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর হামলা চালায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। কি কারণে এই সংঘর্ষ, তা নিশ্চিত নই। তবে শুনেছি বিএনপির সমর্থকরা সে এলাকায় গেলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। এ থেকেই ঘটনার সূত্রপাত।
মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান রতন ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন। রতন বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী মহিউদ্দিন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব।