জাজিরায় ফের বিস্ফোরণ, উড়ে গেল ছাদের গাইডওয়াল

শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে একজন নিহত হওয়ার একদিন পর ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় ছাদে থাকা পানির ট্যাংকও ফেটে ছিটকে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ২টার দিকে জাজিরা পৌরসভার জামাল মাদবরের কান্দি এলাকায় শাহ আলম বেপারীর মালিকানাধীন ভবনের ছাদে এ বিস্ফোরণ ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। পরে তারা দেখতে পান ভবনের ছাদের নিরাপত্তা গাইডওয়ালের একাংশ ভেঙে চুরমার হয়ে গেছে এবং ফেটে যাওয়া পানির ট্যাংকটি নিচে ছিটকে পড়েছে। খবর পেয়ে জাজিরা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ভবনের ছাদে ককটেল মজুত করে রাখা হয়েছিল, যা কোনো কারণে বিস্ফোরিত হয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে সেখানে ককটেল মজুত করেছিল, তা জানা যায়নি।
এর আগে, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় জাজিরার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মান্নান সরদার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হন। ওই ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন।
স্থানীয়দের অভিযোগ, গত ১৫ দিনের মধ্যে জাজিরার তিনটি পৃথক স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটলেও জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে। বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
.png)


