কনটেইনারে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা

নাটোরের লালপুরে অবৈধভাবে কনটেইনারে জ্বালানি তেল বিক্রির চিত্র ধারণ করায় ওমর ফারুক নামে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার কদিমচিলান এলাকার সাদিয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক ওমর ফারুক বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এশিয়ান টেলিভিশনের লালপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
ভুক্তভোগী সাংবাদিক ওমর ফারুক জানান, ঘটনাস্থলে সাধারণ গ্রাহকদের মোটরসাইকেলে মাত্র ১০০ টাকার তেল সরবরাহ করা হচ্ছিল। অথচ একই সময়ে তিনটি ৫০ লিটারের কনটেইনারে বিপুল পরিমাণ জ্বালানি তেল দেওয়া হচ্ছিল। এ অনিয়মের ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় বিএনপি নেতা, কদিমচিলান ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল বারী তাকে বাধা দেন এবং গালিগালাজ করেন।
একপর্যায়ে সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি পুলিশের সামনেই অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আব্দুল বারী হামলার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, তিনি কেবল ভিডিও ধারণে নিষেধ করেছিলেন। পরে অন্যরা তাকে মারধর করে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।