মৌলভীবাজারে বাড়ছে হামের সংক্রমণ, হাসপাতালে ভর্তি ৬ শিশু

মৌলভীবাজার জেলায় হঠাৎ করেই বেড়েছে হামের প্রাদুর্ভাব। জেলায় হামের উপসর্গ নিয়ে ২৩ শিশু হাসপাতালে ভর্তি হলেও পরীক্ষায় ৬ শিশুর শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তরা জেলার রাজনগর ও শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার (৩১ মার্চ) ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বর্তমানে হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। অনেক শিশু জ্বর, সর্দি-কাশি এবং শরীরে লালচে র্যাশ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং অনেকে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসছে। আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তাদের পর্যবেক্ষণে রাখছি।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান জানান, জেলায় এখন পর্যন্ত ২৩ শিশুর চিকিৎসা দেওয়া হয়েছে। ল্যাবরেটরি পরীক্ষায় ২৩ শিশুর মধ্যে ৬ শিশুর হাম পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলার বাসিন্দার সংখ্যা বেশি।