logo

টঙ্গীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে কিশোর নিহত

টঙ্গীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে কিশোর নিহত
ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গী বাজারে একটি দোকানের নিচে থাকা সেপটিক ট্যাংক বিস্ফোরণে রুদ্র দত্ত (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) রাত ১১টার দিকে টঙ্গী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুদ্র দত্ত টঙ্গী বাজারের ‘রুদ্র জুয়েলারী ওয়ার্কস’-এর মালিক গৌতম দত্তের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী বাজারের সালেহা মার্কেট ভবনের নিচতলায় অবস্থিত রুদ্র জুয়েলারী ওয়ার্কসটি একটি সেপটিক ট্যাংকের ওপর নির্মিত ছিল। রাতে হঠাৎ বিকট শব্দে সেপটিক ট্যাংক বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

এতে দোকানের ভেতরে থাকা রুদ্র দত্ত গুরুতর দগ্ধ হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, সেপটিক ট্যাংক বিস্ফোরণে এক কিশোর নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।